শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগামীকাল ১৯ নভেম্বরের ডাকা কথিত লকডাউন, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে ঘোড়াঘাট পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে যৌথ নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রধান অতিথির বক্তব্য
মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ রয়েছেন।
অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিদ পারভেজ, সদস্য সচিব সজিব কবির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমি, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজবি আহমেদ রকি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।