ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শাহ আলম
ঘোড়াঘাট, দিনাজপুর

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখা ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ সকল নেতৃবৃন্দের আয়োজনে শনিবার বিকেলে ঘোড়াঘাট পৌর শহীদ মিনার চত্বর হতে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে আবদুস সাত্তার মিলন বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, আল মামুন সরকার সহ প্রমুখ। বক্তারা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি জানান।
