কোম্পানীগঞ্জে জামায়াত কর্মীর নামে অপপ্রচারের প্রতিবাদ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের জামায়াত কর্মী মো. কাউছারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে ভুক্তভোগী কাউসার ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই নোংরা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি একটি অভিযোগ তোলা হয় যে, ‘কম্বল দেওয়ার কথা বলে এক বৃদ্ধাকে ধর্ষণ করেছেন কাউসার’। এ প্রসঙ্গে নেতারা বলেন, “প্রকৃতপক্ষে ওই দিন জামায়াতে ইসলামীর কোনো কম্বল বিতরণ কর্মসূচিই ছিল না। এটি সম্পূর্ণ বানোয়াট একটি গল্প।”
বৃদ্ধার জবানবন্দি
সংবাদ সম্মেলনে আলোচিত সেই বৃদ্ধা লাইলী খাতুন (৬০) উপস্থিত হয়ে ঘটনার সত্যতা তুলে ধরেন। তিনি সরাসরি জানান, তাঁর সাথে কম্বল দেওয়ার প্রলোভন বা ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। একটি কুচক্রী মহল তাঁকে ভুল বুঝিয়ে বা জোরপূর্বক ব্যবহার করে এই অপপ্রচারের ছক এঁকেছে বলে ধারণা করা হচ্ছে।
নেতৃবৃন্দের দাবি
উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে যারা দলের কর্মীর বিরুদ্ধে এমন জঘন্য অপবাদ ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
উপস্থিতিবৃন্দ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
- কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।
- উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।
- জেলা ছাত্রশিবিরের নেতা ওয়েজ কারনী সোহেল।
- ১নং ওয়ার্ড সভাপতি গাজী শরফুদ্দীন সৌরভসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
