আজ মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা; সমাহিত হবেন কবি নজরুলের পাশে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনবন্দি হয়ে চিরচেনা স্বদেশ ভূমিতে ফিরেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদি। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ শনিবার বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।
বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন সহযোদ্ধারা
বিমানবন্দরে হাদির কফিন বুঝে নেন তাঁর বড় ভাই আবু বকর, ভগ্নিপতি আমিরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বিমানবন্দরে মরদেহ পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাদির নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁর দীর্ঘদিনের লড়াইয়ের সহযোদ্ধারা।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দরে বিপুল সংখ্যক বিজিবি, এপিবিএন ও পুলিশ মোতায়েন করা ছিল।
আজ রাষ্ট্রীয় শোক ও বিশেষ নিরাপত্তা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আজ শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজকের নির্ধারিত পরীক্ষাসমূহ।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় হাদির জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে এবং সংসদ ভবন এলাকায় ড্রোন না ওড়াতে অনুরোধ করেছে প্রশাসন।
নজরুলের পাশে শেষ শয্যা
পারিবারিক আকাঙ্ক্ষা এবং ইনকিলাব মঞ্চের প্রস্তাবের ভিত্তিতে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে সিন্ডিকেট সভার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে বলে জানা গেছে।
এক নজরে ওসমান হাদি হত্যাকাণ্ড
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। দেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই মৃত্যুতে শোকাত্তর হয়ে পড়েছে পুরো জাতি।
