আজ প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলে দেবীকে বিদায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে চলছে সিঁদুর খেলা। আজ বৃহস্পতিবার সকালে খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়াম–সংলগ্ন সনাতন সমাজকল্যাণ সংঘের মণ্ডপেছবি।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ বৃহস্পতিবার। নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে। সকালে দশমী বিহিত পূজা শেষে ভক্তরা দেবীর দর্পণ বিসর্জন করেছেন এবং দুপুরে সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
শেষ দিনের আনুষ্ঠানিকতা
সকালে খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়াম–সংলগ্ন সনাতন সমাজকল্যাণ সংঘের মণ্ডপে ভক্তরা বিজয়া দশমীর আয়োজনে অংশ নেন।
- পূজা ও দর্পণ বিসর্জন: সকাল ৯টা ৫৭ মিনিটে বিজয়া দশমী বিহিত পূজা শুরু হয়। পূজার শেষে দেবীর দর্পণ বিসর্জন দেওয়া হয়, যা শাস্ত্রমতে দুর্গাপূজার সমাপ্তি ঘোষণা করে।
- অঞ্জলি: সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জলি দেওয়া শুরু হয়। পুরোহিতের সঙ্গে মন্ত্র পাঠ শেষে ভক্তরা উলুধ্বনি বাজিয়ে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন।
খামারবাড়ি পূজামণ্ডপের পুরোহিত অবিনাশ চন্দ্র চক্রবর্তী জানান, মা বিদায় নিয়েছেন। ভক্তরা তাঁকে সিঁদুর দিয়ে, আশীর্বাদ নিয়ে বিদায় জানাচ্ছেন।

খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়াম–সংলগ্ন সনাতন সমাজকল্যাণ সংঘের মণ্ডপে বিজয়া দশমীতে চলছে সিঁদুর খেলা। আজ বৃহস্পতিবার সকালে
ছবি।
সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন
বেলা ১১টার দিকে দেবী মাকে সিঁদুর মেখে দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিত প্রথমে দেবীর পায়ে সিঁদুর পরিয়ে দেন। এরপর সারিতে দাঁড়ানো ভক্তরা একে একে দেবীকে সিঁদুর পরিয়ে দেন। দেবীকে সিঁদুর দেওয়া শেষ করে ভক্তরা নিজেদের মধ্যে সিঁদুর খেলা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

বিজয়া দশমীতে আজ বৃহস্পতিবার হবে প্রতিমা বিসর্জন। খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়াম– সংলগ্ন সনাতন সমাজকল্যাণ সংঘের মণ্ডপে
ছবি।
সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি মনোতোষ কুমার রায় জানান, বেলা একটার পর মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে ঢাকেশ্বরীতে যাওয়া হবে। সেখানে একত্র হয়ে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে।
এ বছর রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের মোট ১০টি ঘাট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়ে থাকে।
