রংধনু গ্রুপের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ করল সিআইডি

রাজধানীর বনানীতে রংধনু গ্রুপের মালিকানাধীন ‘ইউনিক রিজেন্সি’ হোটেল জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)ছবি: সিআইডির সৌজন্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

​প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​সিআইডি জানায়, রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানি লন্ডারিংয়ের একটি মামলা চলমান রয়েছে। গত ৭ আগস্ট গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলাটি করা হয়।

​তদন্তে সিআইডি জানতে পারে, রফিকুল ইসলাম বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। এর মধ্যে ইসলামী ব্যাংকের বারিধারা শাখা থেকে ৪০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা থেকে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সিআইডির অভিযোগ, তিনি এই অর্থ বিদেশে পাচার করে সেখানে বিনিয়োগ করেছেন।

​তদন্তের অংশ হিসেবে সিআইডি আরও জানতে পারে যে রফিকুল ইসলামের বনানী ১৭ নম্বর সড়কে একটি নয়তলা ভবন ও হোটেল ইউনিক রিজেন্সি এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ৩৩ কোটি ৮১ লাখ টাকা রয়েছে। আদালতের নির্দেশে এই হোটেলটি জব্দ করা হয়েছে এবং অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

​সিআইডি আরও জানিয়েছে, মামলার পূর্ণাঙ্গ তদন্ত, অর্থের উৎস অনুসন্ধান, বিদেশে পাচার করা সম্পদের সন্ধান এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *