হাম-রুবেলা টিকাদান সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মসিক প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
গুজব রুখতে সোচ্চার হওয়ার আহ্বান
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, “আপনারা সমাজের পথ প্রদর্শক, আপনাদের কথা সাধারণ মানুষ শ্রদ্ধাভরে মেনে চলেন। একটি শিশুমৃত্যু মানে একটি পরিবারের পুরো পৃথিবী থমকে যাওয়া। তাই জুমুআর খুতবায় বা ধর্মীয় অনুষ্ঠানে এই টিকা সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করুন।”
তিনি আরও যোগ করেন, “শিশুদের সুরক্ষায় যার যার ধর্মমতে প্রার্থনা করি যাতে আল্লাহ আমাদের এই মহামারী থেকে মুক্ত করেন।” পাশাপাশি নগরীকে পরিচ্ছন্ন রাখতে পানির লাইনে ময়লা না ফেলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
টিকাদান কর্মসূচির বিস্তারিত
সভায় জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ছুটির দিন ব্যতীত আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
অতিথিবৃন্দ ও সভাপতির বক্তব্য
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ বলেন, “একটি কুচক্রী মহল হাম টিকা নিয়ে গুজব ও প্রোপাগাণ্ডা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মহামারী পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সচেতনতা ও টিকা গ্রহণের বিকল্প নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন:
- ডাঃ এইচ কে দেবনাথ: প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, মসিক।
- ডাঃ তরিকুল ইসলাম: প্রতিনিধি, ইউনিসেফ (UNICEF)।
- ডাঃ মুত্তাকীন: প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
অনুষ্ঠানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—এই চার ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা শিশুদের কল্যাণে এই টিকাদান কর্মসূচি সফল করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
