সেনবাগে মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় বালিয়াকান্দি ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ‘ভূঁইয়ার দিঘী’ এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকা থেকে রবিউল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বালিয়াকান্দি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশের ভাষ্য
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত রবিউল হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে সেনবাগ থানায় একটি রাজনৈতিক মামলা তদন্তাধীন রয়েছে এবং ওই মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
