সেনবাগে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই স্থান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের প্রেক্ষাপট
উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু চক্র ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে রাতের আঁধারে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাচ্ছে—এমন ভুক্তভোগীদের মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই পদক্ষেপ নেয়। সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সেনবাগ থানা পুলিশের সহায়তায় দ্রুত অভিযান চালানো হয়।
জরিমানা ও দণ্ড
উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর বটতলা এবং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে এই পৃথক দুটি আদালত পরিচালিত হয়। অভিযানকালে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মোটরযান আইনে চালককে জরিমানা করা হয় এবং ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। এর মধ্যে বটতলার অভিযানে ২০ হাজার টাকা এবং কাদরার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও’র বক্তব্য
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
