সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা প্রদান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি
সম্প্রতি কবিরহাট-বসুরহাট সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার অধিবাসী ৫ জনের পরিবারকে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম প্রশাসন থেকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।
ইউএনও’র সমবেদনা ও আশ্বাস
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম নিজের ফেসবুক পেইজে এই দুর্ঘটনাটি নিয়ে পোস্ট লেখেন। তিনি উল্লেখ করেন, দুর্ঘটনায় নিহত ৬ জনের ৫ জন কোম্পানীগঞ্জ উপজেলার অধিবাসী। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানান।

ইউএনও আরও আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ক্ষতিপূরণ তহবিল এবং জেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা প্রাপ্তির জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি লেখেন, “কোন অপ্রত্যাশিত মৃত্যুই কাম্য নয়, পরম করুনাময় মহান আল্লাহর নিকট নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”
