শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষোভ ও কঠোর কর্মসূচির ঘোষণা
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খড়িবাড়ী হাট ইজারাদার কর্তৃক ৪ শ্রমিককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৮ মার্চ) বিকেলে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের অভিযোগ ও বিক্ষোভ
জানা গেছে, খড়িবাড়ী হাটে কর্মরত ৪ শ্রমিকের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে ইজারাদার মোহাম্মদ আলী ক্লে ও তাঁর লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ শ্রমিক আহত হয়ে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এর প্রতিবাদে শ্রমিক সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিনকোনা মোড় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নেতৃবৃন্দের বক্তব্য ও আল্টিমেটাম

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ক্লে, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি হায়দার আলী। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ অন্যান্যরা। শ্রমিক নেতারা বলেন, “শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে মানববন্ধন ও কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।” বক্তারা ফুলবাড়ী থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ইজারাদারের পাল্টা দাবি
এ বিষয়ে অভিযুক্ত খড়িবাড়ী হাট ইজারাদার মোহাম্মদ আলী ক্লে জানান, “শ্রমিকরা অতিরিক্ত টাকা নেওয়ায় স্থানীয়রা প্রতিবাদ জানালে ইজারাদার হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি কারো কাছে কোনো চাঁদা দাবি করিনি এবং কাউকে আঘাতও করিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।”
