মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার মোট ২৮টি ফিলিং স্টেশনের মধ্যে ২১টিই বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। তেলের জন্য মাইলের পর মাইল ঘুরেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না চালকরা, যার ফলে স্থবির হয়ে পড়েছে জেলার পরিবহন ব্যবস্থা।
বন্ধ অধিকাংশ স্টেশন, খোলা বাজারে চড়া দাম
বর্তমানে সীমিত পরিসরে জেলা শহর মাইজদীতে একটি, বেগমগঞ্জে পাঁচটি এবং সোনাইমুড়িতে একটি ফিলিং স্টেশন তেল সরবরাহ করছে। মাইজদীতে তেল পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে শত শত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ভুক্তভোগী চালকদের অভিযোগ, স্টেশনে তেল না থাকলেও খোলা বাজারে ২৪০ থেকে ৩০০ টাকা লিটার দরে তেল বিক্রি হচ্ছে। প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
রেশনিং পদ্ধতিতে সরবরাহ ও মালিকদের দাবি
ফিলিং স্টেশন মালিকদের দাবি, আগে ডিপো থেকে প্রতিদিন ২-৩টি ট্যাংকার তেল আসলেও এখন একদিন পরপর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম তেল দেওয়া হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় এই নজিরবিহীন সংকট তৈরি হয়েছে বলে তারা জানান। অনেক স্টেশনে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসকের আশ্বাস
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে জ্বালানি তেল পেতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।”