শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার জব্দ করল কর গোয়েন্দারা

এনবিআর কার্যালয়।ছবি
বিশেষ প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
পুবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ বুধবার গোপন তথ্যের ভিত্তিতে এই লকার দুটি জব্দ করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার দুটি লকার রয়েছে। লকার দুটির নম্বর হলো ৭৫১ ও ৭৫৩। কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই লকার দুটি জব্দ করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর পুবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২৮ নম্বর লকারটি জব্দ করেছিল এনবিআর সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় এই লকারটি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা মোট তিনটি লকার জব্দ করা হলো।আরও পড়ুন
এনবিআর আরও জানিয়েছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা ছিল। বৃহত্তর তদন্তের স্বার্থে এসব হিসাবও জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাবগুলো জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকি এবং দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে। এনবিআর এই তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই লকারগুলো জব্দ করেছে।
