যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত; তিন সংগ্রামী নারীকে সম্মাননা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
তিন সংগ্রামী নারীর উদ্যোক্তা হওয়ার গল্প
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনজন সফল ও সংগ্রামী নারী—রোকেয়া আক্তার, সেলিনা আক্তার এবং বনালি শাহা তাঁদের জীবনের লড়াই ও উদ্যোক্তা হওয়ার পেছনের ইতিহাস তুলে ধরেন। উপস্থিত নারীদের মাঝে তাঁদের এই অভিজ্ঞতা অনুপ্রেরণা যোগায়।
“নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিরহাট থানার এসআই শফিকুর রহমান এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিবি আয়েশা। বক্তারা বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাঁদের রাজনীতি ও উন্নয়নের মূলধারার বাইরে রেখে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে কোথাও উন্নয়নের সুফল পৌঁছাবে না।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোনাজাত
আলোচনা সভা শেষে কবিরহাট কিশোর-কিশোরী ক্লাবের পক্ষ থেকে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
