মাধবদীতে ভাইদের পিটুনিতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টাকালে ছোট দুই ভাইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন বড় ভাই রমজান আলী (৩৬)। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রমজান আলী পুরানচর গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক এবং ৪ কন্যা সন্তানের জনক ছিলেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে বারবার বাধা দেওয়া হলেও তিনি মাদক ছাড়তে পারছিলেন না। রবিবার রাতে ঘরের ভেতরে মাদক পরিহারের বিষয় নিয়ে ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে রমজানের তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝগড়া চরম আকার ধারণ করলে দুই ভাই মিলে রমজানকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিলাপ করছেন স্ত্রী

নিহতের স্ত্রী রাবেয়া বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “রমজান আলী চার কন্যা সন্তানের বাবা। তাঁর ছোট মেয়েটির বয়স মাত্র এক বছর। মাদক ছাড়াতে গিয়ে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে কেন?” তিনি তাঁর দুই দেবরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছেন।

পুলিশের বক্তব্য

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ এলাকা পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধে ভাইদের আঘাতেই রমজান আলীর মৃত্যু হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *