মাদারগঞ্জে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে উপজেলার বালিজুড়ী খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
মাদারগঞ্জ উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৬২৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১ হাজার ৩০ টন চাল ক্রয় করা হবে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
হয়রানিমুক্ত ও স্বচ্ছ সংগ্রহের নির্দেশনা
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সুমন চৌধুরী বলেন, “সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই ধান সংগ্রহ কার্যক্রম চালু রেখেছে। খাদ্য গুদামে ধান নিয়ে আসা কৃষকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।” উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক জানান, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকেই এই ধান সংগ্রহ করা হচ্ছে।
মাদারগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান বিকম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা। এছাড়া অনুষ্ঠানে উপজেলা যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
