ময়মনসিংহে রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন; নিরাপত্তা ও শাস্তির দাবি

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘বাংলাদেশ রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ময়মনসিংহ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন যাঁরা

​মানববন্ধনে বক্তারা কর্মস্থলে রেলকর্মীদের নিরাপত্তাহীনতার তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন:

  • মোঃ মজিবুর রহমান — টিআই (চি/সি), ময়মনসিংহ রেল স্টেশন।
  • মোঃ আব্দুল্লাহ আল হারুন — স্টেশন সুপারিনটেনডেন্ট, ময়মনসিংহ রেল স্টেশন।
  • মোঃ সাইফুল ইসলাম — এসএসএই (ওয়ে), কেওয়াটখালী।
  • সারোয়ার জাহান — সিগন্যাল বিভাগ, কেওয়াটখালী।
  • মোঃ আসাদুল হক ইসলাম — হেড টিএক্সআর, ময়মনসিংহ।
  • সোহেল চৌধুরী — এসআরআই।

অভিযোগ ও আইনগত ব্যবস্থার দাবি

​প্রতিবাদ সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—

​”রেলওয়ের রাজস্ব রক্ষায় স্টেশনের গেটে ও ট্রেনে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন। বিনা টিকেটে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করতে গেলে বা গেটে চেকিংয়ের সময় তারা চড়াও হচ্ছে। অনেক সময় দেখা যায় স্ট্যান্ডিং টিকেট কেটে যাত্রীরা জোরপূর্বক এসি বগিতে উঠে বিশৃঙ্খলা তৈরি করছে। এসব অসংগতির প্রতিবাদ করতে গিয়েই প্রতিনিয়ত আমাদের স্টাফরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন।”

​বক্তারা অবিলম্বে সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্টেশনে দায়িত্বপ্রাপ্তদের পর্যাপ্ত নিরাপত্তা বিধান নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *