ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা; অভিযুক্ত অন্তর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় থাপ্পড় মারার জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত কোন্দলের জেরেও এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

​ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক অন্তরকে (৩০) গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

​নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

​ঘটনার বিবরণ ও হাসপাতালে মৃত্যু

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অন্তর কিছুটা মেয়েলি স্বভাবের। তিনি প্রায়ই প্রতিবেশী ভাবিদের জড়িয়ে ধরতেন। বিষয়টি জানতে পেরে দুই দিন আগে সাদ্দাম হোসেন তাকে শাসন করেন এবং চড়-থাপ্পড় মারেন। এতে সাদ্দামের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হন অন্তর।

​আজ বেলা ১২টার দিকে সাদ্দাম নিজ এলাকার একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অন্তর ওই কক্ষে ঢুকে সাদ্দামের বুক ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাদ্দামের ডাকচিকিৎকারে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​পুলিশ ও প্রশাসনের বক্তব্য

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত অন্তরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

​এদিকে ঘটনার নেপথ্য কারণ প্রসঙ্গে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “যতটুকু জানতে পেরেছি, দুইজনের মধ্যে মাদক নিয়ে পূর্ব বিরোধ ছিল। সেই কারণে সাদ্দামকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি অধিকতর তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।”