নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মো. মোস্তফা কামাল মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ (BPM-Service) পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পেশাগত দক্ষতা, সততা ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
পিবিআই প্রধানের এ অর্জনে উচ্ছ্বসিত তাঁর জন্মস্থান গফরগাঁওসহ সমগ্র ময়মনসিংহবাসী।
জন্ম ও শিক্ষাজীবন
মো. মোস্তফা কামাল ১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (Mass Communication & Journalism) বিভাগ থেকে স্নাতকোত্তর (Master’s) ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন
তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণ শেষে ১৯৯৭ সালের জুলাইয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এএসপি হিসেবে তাঁর মূল কর্মজীবন শুরু হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ ও চাঁদপুর জেলায় পুলিশ সুপার (এসপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩, ৫ ও ৯ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে পিবিআই-এর বিশেষ পুলিশ সুপার (এসপি) ও উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর তাঁকে পিবিআই প্রধানের দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের মে মাসে তিনি আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পান।
আন্তর্জাতিক অবদান ও সম্মাননা
আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে পূর্ব তিমুর (UNTAET, UNMISET), কসোভো (UNMIK), গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (MONUC, MONUSCO) এবং সুদান/দারফুরসহ (UNAMID) জাতিসংঘের মোট ৬টি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন।
এছাড়া দেশীয় পুলিশ বাহিনীতে পেশাদারিত্ব ও অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের জন্য তিনি একাধিকবার ‘আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ লাভ করেছেন। সর্বশেষ পুলিশ সপ্তাহে ‘বিপিএম-সেবা’ পদক প্রাপ্তিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।