ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক; সড়ক নির্মাণ বন্ধ
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে ভারতের ফোর লেনের সড়ক নির্মাণ প্রচেষ্টার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে উচ্চপর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সেখানে নতুন কোনো রাস্তা নির্মাণ করবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকের বিবরণ
সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম। অন্যদিকে ৫ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কোচবিহার ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।

বিজিবির বক্তব্য
বৈঠক শেষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, “বিএসএফ আশ্বাস দিয়েছে তারা জিরো লাইনে নতুন করে কোনো সড়ক নির্মাণ করবে না। তারা মূলত ব্রিটিশ আমলে নির্মিত পুরাতন সড়কটি সংস্কারের কাজ করছে। নতুন করে সড়ক নির্মাণের কোনো পরিকল্পনা থাকলে অবশ্যই তা আলোচনার মাধ্যমে হতে হবে।” তিনি আরও জানান, সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দ্রুত একটি তদন্ত টিম ওই এলাকায় পাঠানো হচ্ছে।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে সীমান্তের জিরো লাইনে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিজিবির অনড় অবস্থান ও বারবার প্রতিবাদের মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। সর্বশেষ এই বৈঠকে বিএসএফ জানায়, তারা নতুন নির্মাণ নয় বরং জিরো লাইনের প্রায় ১ কিলোমিটার পুরাতন সড়কটি সংস্কার করবে।
বর্তমানে সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
