মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২ই ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থ বছরে ৬ষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল।
এই উন্নয়ন প্রকল্পের আওতায় একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বরাদ্দ ও ব্যয়ের খাতসমূহ
বিশ্ববিদ্যালয়ের ডিপিডি দপ্তর সূত্রে জানা যায়, বরাদ্দকৃত ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার মধ্যে উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলো হলো:
- একাডেমিক ভবন-৩ নির্মাণ: ১৫২ কোটি ৬৩ লাখ টাকা।
- বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে: ১১৭ কোটি টাকা।
- স্কুল ও কলেজ নির্মাণ: ৮ কোটি ৭৩ লাখ টাকা।
- মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ: ৩ কোটি ৩ লাখ টাকা।
- অন্যান্য উন্নয়ন: কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়ন (২ কোটি ৮১ লাখ টাকা), শিক্ষক ও কর্মচারী ভবনে লিফট স্থাপন (২ কোটি ৫২ লাখ টাকা), ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগ (৬ কোটি টাকা), ১০০ কেভি সাব-স্টেশন স্থাপন, ১৫০ কেভি জেনারেটর ক্রয়, এলইডি লাইট স্থাপন এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মো. আতাউর রাহমান বলেন, “স্যারের অক্লান্ত চেষ্টায় আজ একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। আজকের দিনটি আমাদের নোবিপ্রবির জন্য অত্যন্ত আনন্দের দিন।”
উপাচার্যের প্রতিক্রিয়া
নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন:
“আজ নোবিপ্রবির বহুল প্রতীক্ষার অবসান ঘটল। এই অনুমোদনের মাধ্যমে নোবিপ্রবির শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোতে আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি হবে। আমরা শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতের চেষ্টা করছি।”
