দীর্ঘদিন পর গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে: সালাউদ্দিন টুকু
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।”
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের ভূমিকা ও প্রত্যাশা
টুকু বলেন, “এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা সন্তোষজনক। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে এটাই জনগণের প্রত্যাশা।” তিনি আরও বলেন, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুযোগ পেলে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম
ছাত্রদল ও যুবদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁর বিরুদ্ধে প্রায় ৩৫০টি মামলা দেওয়া হয়। এই সময়ে তিনি ১২ দফায় প্রায় ৫ বছর কারাবরণ করেন এবং টানা ৪৬ দিন রিমান্ডে ছিলেন।
যাচাই-বাছাইয়ে উপস্থিতিবৃন্দ
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। ২৯ ডিসেম্বর তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
