নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে তরুণ নেতৃত্বকে উৎসাহিত করতে ‘স্পার্ক দ্য চেঞ্জ, লিড দ্য ক্লাইমেট ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত হয়ে গেল ‘ইউথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানে জলবায়ু সহনশীলতা তৈরি ও টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য ১০টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও বাংলাদেশ (VSO Bangladesh) এ বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্য ও অনুদান হস্তান্তর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত ১০টি তরুণ সংগঠনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
জলবায়ু সংকট মোকাবিলা ও পূর্বপ্রস্তুতিতে তরুণদের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথি বলেন, “জলবায়ু ঝুঁকি হ্রাস ও টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের এই নেতৃত্ব বাংলাদেশেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও শক্তিশালী ও সহনশীল করে তুলবে।”
উদ্যোগের উদ্দেশ্য ও অনুদান সহায়তা
ভিএসও বাংলাদেশের এই উদ্যোগের আওতায় নির্বাচিত ১০টি তরুণ সংগঠনকে নিজস্ব এলাকায় নির্দিষ্ট জলবায়ু সমস্যা সমাধানের লক্ষ্যে আর্থিক অনুদান ও টেকনিক্যাল সহায়তা দেওয়া হবে। এসব উদ্যোগ স্থানীয় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।
আমন্ত্রিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, তরুণ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন:
- ড. আবুল হোসেন — সাবেক সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং চেয়ারপারসন, ভিডিএফ উপদেষ্টা কমিটি।
- ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন — যুগ্ম সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
- এ এস এম মারজান নূর — পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা, ব্রিটিশ হাই কমিশন, ঢাকা।
- ড. মো. গোলাম মাহবুব — পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র।
- তালহা জামাল — কান্ট্রি ডিরেক্টর, ইসলামিক রিলিফ বাংলাদেশ।
- মোঃ মাসুম আহমেদ — উপ-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠানে পূর্ববর্তী বছরের বিজয়ী সংগঠনগুলোর সফল কার্যক্রম তুলে ধরা হয় এবং সম্মাননা প্রদান পর্ব পরিচালনা করা বিচারক প্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ভিএসও বাংলাদেশ জানায়, তরুণদের জলবায়ু নীতি ও কর্মপরিকল্পনার মূল ভূমিকায় নিয়ে আসতে তাদের এ সমর্থন ও উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।