গাজাবাসীর ওপর হামাসের হামলার ‘বিশ্বাসযোগ্য তথ্য’ যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কারাগার থেকে বন্দীরা মুক্তি পাওয়ার পর আনন্দ প্রকাশ করেন হামাসের যোদ্ধা ও ফিলিস্তিনিরাফাইল ছবি: এএফপি।
এএফপি, ওয়াশিংটন।
ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের ওপর শিগগিরই হামলা চালানোর পরিকল্পনা করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস—এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার বলেছে, তাদের কাছে এ বিষয়ে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে।
বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর এমন পরিকল্পিত হামলার ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি ও গুরুতর লঙ্ঘন বলে বিবেচিত হবে।
যুক্তরাষ্ট্রের সতর্কতা
পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, হামাস যদি এমন হামলা চালায়, তবে গাজার মানুষকে রক্ষা ও যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
- ট্রাম্পের মন্তব্য: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে গাজায় বেসামরিক লোকজনকে হত্যার জন্য হামাসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন: “যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে… তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। এর আওতায় ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান বন্ধ করবে এবং হামাস জিম্মি থাকা ব্যক্তিদের ছেড়ে দেবে।
