খালিয়াজুড়িতে ৪৯% শিক্ষার্থীর উপস্থিতিতে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

দীর্ঘ বিরতির পর সারাদেশের ন্যায় নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় আনন্দমুখর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদরের দুইটি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

পরীক্ষার্থী ও উপস্থিতির পরিসংখ্যান

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মোট ১৬৮২ জন শিক্ষার্থীর মধ্যে ৪২৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। তবে পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ২০৮ জন। বালক ৮০ জন এবং বালিকা ১৩৮ জনসহ মোট ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে উপস্থিতির হার ছিল মাত্র ৪৯ শতাংশ।

কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ

উপজেলার দুটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়:

১. খালিয়াজুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: এখানে কেন্দ্র সচিব হিসেবে ইন্দ্রজিৎ বর্মণ, হল সুপার হিসেবে দিলীপ চন্দ্র সরকার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন দায়িত্ব পালন করেন।

২. সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন কেন্দ্র: এই কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দীপঙ্কর দত্ত রায়, হল সুপার হিসেবে হুমায়ূন কবির চৌধুরী এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান দায়িত্ব পালন করেন।

ইউএনও’র পরিদর্শন ও নির্দেশনা

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীর উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম হলেও অত্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।” তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা শিক্ষা অফিসার আজিমেল কদর এবং সকল শিক্ষকদের নির্দেশ প্রদান করেন তিনি।

পরীক্ষা চলাকালীন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *