খালিয়াজুড়িতে ইয়াবাসহ মাদক কারবারিকে আটকে পুলিশে দিল জনতা

ময়মনসিংহ

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ২২ পিস ইয়াবাসহ সানোয়ার হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার (৩১ মে ২০২৬) সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃত সানোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে লেপসিয়া বাজারের লঞ্চ ঘাটের একটি দোকানে বসে সানোয়ার হোসেন প্রকাশ্যে ইয়াবা সেবন করছিল। বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত স্থানীয় জনতা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে আটকে রাখে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।

মামলা রুজু ও আদালতে প্রেরণ

খবর পেয়ে লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আসামিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান এবং পরবর্তীতে তাকে খালিয়াজুড়ি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে খালিয়াজুড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. আরাফাত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক জাহান-কে বলেন,

“আটককৃত সানোয়ার হোসেনের নামে খালিয়াজুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল সোমবার (১ জুন ২০২৬) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলা সদরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

এলাকায় মাদকের বিস্তার রোধে জনগণের এমন সচেতন ও সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *