খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশ: শিক্ষামন্ত্রী

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ:

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। একই সঙ্গে খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সাথে মতবিনিময়

সোমবার (৬ এপ্রিল ২০২৬) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেধার সঠিক প্রতিফলনে গুরুত্ব

শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। মূল্যায়নে পক্ষপাতিত্ব বা অবহেলা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও অর্জনের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার আচরণ অপরিহার্য।”

নকলমুক্ত পরীক্ষা ও আইন সংশোধন

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ যুগোপযোগীভাবে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শুধু পাবলিক পরীক্ষা নয়, বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও নকল প্রতিরোধে জড়িতদের কঠোর আইনের আওতায় আনা সম্ভব হবে।

জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার ডাক

অতীতের কিছু অনিয়মের প্রসঙ্গ টেনে ড. মিলন বলেন, “পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য প্রদর্শনের প্রবণতা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের অনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে একটি জবাবদিহিমূলক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

উপস্থিত ব্যক্তিবর্গ

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দসহ শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *