মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার প্রধান ফটকের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার গেট সংলগ্ন সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পটভূমি ও কলহের কারণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ছোটধলী গ্রামের দুবাইপ্রবাসী মো. আলা উদ্দিন ওরফে সুহেল প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তারকে (১৯) বিয়ে করেন। ৩ মাস আগে সুহেল দেশে ফেরার পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ দেখা দেয়।
দাম্পত্য কলহের জেরে থানায় দায়ের করা একটি অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে উভয় পক্ষের লোকজনকে থানায় আহ্বান করা হয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জয়দাস গুপ্ত স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন।
থানার সামনে মারামারি ও পুলিশি ব্যবস্থা
অলোচনা শেষে রাত পৌনে ৯টার দিকে উভয় পক্ষ থানা ভবন থেকে বের হওয়ার পরপরই গেট সংলগ্ন প্রধান সড়কে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলেন— মো. আলা উদ্দিন ওরফে সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।