কুড়িগ্রামে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. ছাইফুল ইসলাম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রাম সদর থানাধীন ৬ নম্বর বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান ও আসামি গ্রেপ্তার
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোহনী-রাজারহাটগামী পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ২০ পিস ইয়াবাসহ ছাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাইফুল ইসলাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
আইনি পদক্ষেপ ও ডিবির বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান—
”কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর আইনি অবস্থান বজায় থাকবে উল্লেখ করে তিনি সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।





