‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে মুখর সচিবালয় এলাকা

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও স্বীকৃতিসহ ৫ দফা দাবিতে জুলাই যোদ্ধাদের অবস্থান ধর্মঘট

ঢাকা

“আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” এই স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকার সচিবালয় এলাকা। জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জুলাই যোদ্ধারা সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সচিবালয়ের উত্তর গেটে অবস্থান নেন।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জুলাই যোদ্ধারা সচিবালয়ের উত্তর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

জানা গেছে, এর আগে সকাল ১০টার দিকে ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামের একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা জুলাই যোদ্ধারা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালমান হোসেন জানান, তাদের ১১ জন প্রতিনিধি স্মারকলিপি জমা দেওয়ার জন্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন।

জুলাই যোদ্ধাদের ৫ দফা দাবি

বিক্ষোভ মিছিলে সংগঠনের পক্ষ থেকে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো:

  • জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
  • শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে।
  • অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
  • জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলসমূহকে নিষিদ্ধ করতে হবে।
  • দেশের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

সালমান হোসেন আরও জানান, সচিবালয়ের ভেতরে যাওয়া প্রতিনিধিরা ইতিবাচক আশ্বাস নিয়ে ফিরলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন, অন্যথায় তারা সেখানেই অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *