কোম্পানীগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

পুলিশি নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষকরা; দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

মোহাম্মদ উল্যা

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে সারাদেশের মতো এই উপজেলাতেও আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জের আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

কর্মবিরতির কারণ

গতকাল রবিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচি থেকে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সামনের কর্মসূচি থেকে সরকারের উদ্দেশে সোমবারের মধ্যে বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির জন্য আলটিমেটামও দেওয়া হয়েছিল।

দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালানো এবং কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় শিক্ষকরা আরও বেশি ক্ষুব্ধ। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

কর্মবিরতি চলাকালে কোম্পানীগঞ্জের শিক্ষক নেতারা জানিয়েছেন, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *