ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টায় গ্রেফতার পাঁচজন

ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টায় ৫ জন গ্রেফতার

বাংলাদেশ

ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর নটরডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মোঃ কাদিরুল ইসলাম জানতে পারেন, জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোঃ আব্দুস সামাদ (৩১)। তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানার পনঘাগড়া এলাকার বাসিন্দা। পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে তিনি জানান, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকা হাইওয়ের চুরখাই এলাকায় কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই ও ডিবির সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে জালালের মোড় এলাকায় এনে মাদকের মামলায় গ্রেফতার ও চালান দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: দিনাজপুরের খানসামা থানার ছিট আলোকদি এলাকার মোঃ শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০), শেরপুরের নকলা থানার চর ভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫), ময়মনসিংহের সুতিয়াখালী এলাকার পিয়াস মিয়া (২২) এবং নগরীর বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ, ময়মনসিংহ।

সূত্র: জেলা পুলিশ, ময়মনসিংহের প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *