১০ বছর পর নেত্রকোণার দুর্গম খালিয়াজুড়ি থানা পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

ময়মনসিংহ

রেজাউল করিম রেজা

​নেত্রকোণা জেলার হাওরবেষ্টিত দূরবর্তী খালিয়াজুড়ি থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০টায় নেত্রকোণা জেলা সদর থেকে খালিয়াজুড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। নতুন থানা ভবনের নির্মাণকাজ তদারকি করা এবং দুর্গম এলাকায় কর্মরত পুলিশ সদস্য ও অফিসারদের মনোবল বৃদ্ধি করাই ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।

​উল্লেখ্য, বিগত ১০ বছরের মধ্যে খালিয়াজুড়ি থানায় কোনো ডিআইজির এটিই প্রথম সফর। এর আগে সর্বশেষ ২০১৬ সালে তৎকালীন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই থানা পরিদর্শন করেছিলেন।

​দুর্গম পথ পেরিয়ে ব্যতিক্রমী যাত্রা

​চারিদিকে পানি দিয়ে পরিবেষ্টিত খালিয়াজুড়ি থানায় বছরে ৫ মাস নৌপথে, ৫ মাস সড়কপথে এবং অবশিষ্ট ২ মাস পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। ডিআইজি মহোদয় জেলা সদর থেকে সরকারি গাড়িযোগে প্রথমে মদন থানার উচিতপুর ঘাটে পৌঁছান। সেখান থেকে রেসকিউ বোটযোগে দীর্ঘ নৌপথ অতিক্রম করে বেলা ১২:৩০ মিনিটে খালিয়াজুড়ি বাজার ঘাটে অবতরণ করেন। পরবর্তীতে বাজার ঘাট থেকে কোনো প্রটোকল না নিয়ে একজন সাধারণ যাত্রীর ন্যায় অটো রিকশায় চড়ে খালিয়াজুড়ি থানায় গমন করেন তিনি।

​নির্মাণাধীন ভবন তদারকি ও দিকনির্দেশনামূলক বক্তব্য

​থানায় পৌঁছালে ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন। পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি খালিয়াজুড়ি থানার নির্মাণাধীন আধুনিক ভবন ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান সঠিক আছে কিনা—সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন।

​পরবর্তীতে তিনি পুরাতন থানা ভবন ও কম্পাউন্ড ঘুরে দেখেন এবং থানায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং পূর্ণ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

​উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ

​পরিদর্শনকালে নেত্রকোণা জেলার নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *