জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করল এনসিপি, মূল্য ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য আবেদন ফরমের মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের প্রক্রিয়া
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে এবং ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন:
১. সরাসরি: কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। ২. অনলাইনে: মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। ৩. সংগঠকদের মাধ্যমে: দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
