পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যা: ময়মনসিংহে সাবেক কনস্টেবল ও তাঁর স্ত্রীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহে ২০১৪ সালে পরকীয়ার জেরে খুন হওয়া পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন-অর-রশিদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের পরিচয় ও মামলার বিবরণ
দণ্ডপ্রাপ্তরা হলেন:
- মো. আলাউদ্দিন: কনস্টেবল, ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার মোনাসেফ আলীর ছেলে।
- নাসরিন নেলী: আলাউদ্দিনের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হন পুলিশ সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম।
লাশ গুমের সময় আটক
খুনের পর অভিযুক্ত পুলিশ দম্পতি লাশ গুম করার চেষ্টা করেন। নগরীর টাউন হল মোড়ে বস্তাবন্দি লাশসহ পুলিশের হাতে আটক হন অভিযুক্ত মো. আলাউদ্দিন ও তাঁর স্ত্রী নাসরিন নেলী।
ঘটনার পর নিহত সাইফুলের মা মোছা. মুলেদা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তাঁর স্ত্রী নাসরিন নেলীসহ আরও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মামলার রায় ঘোষণা করেন।
