এসডিজি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্বের তাগিদ বিভাগীয় কমিশনারের
‘কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসতে হবে’

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-২০৩০ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেছেন, “কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই এসডিজি প্রণয়ন করা হয়েছে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির ১৮তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সমতার সূতোয় নিয়ে আসা প্রয়োজন, যাতে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদ হতে পারে। এতে ব্যক্তি এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষের জীবনমান বৃদ্ধি পাবে।
অগ্রাধিকার ও লক্ষ্য পূরণ
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় দপ্তরপ্রধানরা এসডিজির নির্দিষ্টকৃত ১৭টি অভীষ্ট ও ২৬৯টি টার্গেটের বিষয়ে তাদের কার্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি উত্থাপন করেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরও বলেন, “আমাদের কাছে এসডিজির অগ্রাধিকার সর্বোচ্চ। নির্দেশক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি বিভাগকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটা দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই।”
