আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান, নিবন্ধনে ব্যাপক সাড়া

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৪৮ হাজার ৮৬০ জন শিশু-কিশোরকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে।
ইটনা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার বিধান চন্দ্র দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
লক্ষ্যমাত্রা ও নিবন্ধন
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে ২৭ হাজার ৫৭৬ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ২১ হাজার ২৮৪ জনকে কমিউনিটি সেন্টারের মাধ্যমে টিকা প্রদান করা হবে।
ইতিমধ্যে ২০ হাজার ০৫৬ জন শিশু-কিশোর টিকা প্রদানের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে। এর মধ্যে ১৩ হাজার ৭৩৩ জন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৬ হাজার ৩২৩ জন কমিউনিটি সেন্টারের মাধ্যমে নিবন্ধন করেছেন।
ডা. বিধান চন্দ্র দেবনাথ জানান, এই রিপোর্ট লেখা পর্যন্ত ইটনা উপজেলায় ৮ হাজার ৩৪৯ জন শিশু-কিশোর টিকার আওতায় এসেছেন। যারা নিবন্ধন করতে পারেনি, সে সকল শিশু-কিশোরকে ম্যানুয়েল রেজিস্ট্রি খাতা মেইনটেইন করে টিকা প্রদান করা হবে।
