
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪০
অনেক বছর আগের কথা। টেস্ট দলে নতুন সুযোগ পেয়েছেন, এমন এক ব্যাটসম্যানের স্টান্স দেখে যারপরনাই বিরক্ত হলেন তখনকার বাংলাদেশ দলের বিদেশি কোচ। বিরক্তির কারণ, টেস্ট দলে সুযোগ পেয়ে গেলেও তখনো নাকি ওই ব্যাটসম্যানের ব্যাট ধরাটাই ঠিকঠাক হচ্ছিল না!
জাতীয় দলের কোচদের কাছ থেকে এ রকম অভিযোগ শোনা যায় এখনো। ঘরোয়া তৃণমূল পর্যায় থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে শীর্ষ পর্যায়ে চলে আসার পরও অনেকের নাকি ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের মৌলিক জ্ঞানই থাকে না। অনেক কিছু শেখাতে হয় তাঁর জাতীয় দলে আসার পর।
অভিযোগের এই তির সরাসরি জেলা ও বিভাগীয় কোচদের দিকেই যায়। খেলোয়াড়ি জীবনের শুরুতে তাঁদের কাছ থেকেই তো খেলাটার মৌলিক পাঠ নেন উঠতি ক্রিকেটাররা।
যশোর জেলার ক্রিকেট কোচ আজিমুল হক গতকাল খুব আত্মবিশ্বাস নিয়ে বললেন, ‘আশা করি আগামী ২-৩ বছর পর কেউ আর এমন অভিযোগ করার সুযোগ পাবে না।’ তাঁর মধ্যে এই আত্মবিশ্বাস ও আশার সঞ্চার হয়েছে মূলত সম্প্রতি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচেস রিফ্রেশার্স কোর্সে অংশ নিয়ে।
দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগে বিসিবির নিয়োগকৃত কোচদের নিয়ে গত জুলাই মাসে শুরু এই কোর্স এখন শেষের পথে। রাজশাহী অঞ্চলে হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের কোর্স, খুলনায় খুলনা ও বরিশালের, চট্টগ্রামে সিলেট ও চট্টগ্রামের কোর্স হওয়ার পর এখন বাকি শুধু ঢাকা ও ঢাকা মহানগরের কোচদের নিয়ে ঢাকার কোর্সটি।
