ক্ষতিকর অ্যাপ ঠেকাতে ডেভেলপার যাচাই বাধ্যতামূলক করছে গুগল

আহসান হাবীব

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯: ৩৯

অ্যান্ড্রয়েডের ক্ষতিকর অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে রয়েছেন ব্যবহারকারীরা। বিভিন্ন দেশে ম্যালওয়্যার আক্রমণ ও আর্থিক প্রতারণার ঘটনা বাড়তে থাকায় অবশেষে অ্যাপ নির্মাতা বা ডেভেলপারদের জন্য কঠোর নীতি চালু করছে গুগল। নতুন নীতির আওতায় প্লে স্টোরে কোনো অ্যাপ প্রকাশের আগে কিংবা সাইডলোডিংয়ের মাধ্যমে সরবরাহের ক্ষেত্রেও ডেভেলপারদের পরিচয় ও কার্যক্রম যাচাই বাধ্যতামূলক করা হবে। গুগল বলছে, এ প্রক্রিয়ার লক্ষ্য হলো প্রতিটি ডেভেলপারকে যাচাই–বাছাইয়ের মধ্য দিয়ে আনা, যাতে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ আর ব্যবহারকারীর হাতে পৌঁছাতে না পারে।

গুগল বলছে, ডেভেলপার যাচাই বাধ্যতামূলক হলে প্রতারকেরা আর সহজে প্লে স্টোরে প্রবেশ করতে পারবে না। তবে বাস্তবে নীতিটি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, প্রতারকেরা নানা কৌশলে নিয়ম এড়িয়ে ক্ষতিকর অ্যাপ চালু করার পথ খুঁজে নিতে পারে। গুগল জানিয়েছে, এখন থেকে শুধু প্লে স্টোর নয়, তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে সাইডলোডিংয়ের মাধ্যমে সরবরাহ করা অ্যাপের ক্ষেত্রেও একই যাচাই প্রক্রিয়া প্রযোজ্য হবে।

গুগলের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব উৎস থেকে আসা অনেক অ্যাপেই ম্যালওয়্যার থাকে, যা ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরি করে বা আর্থিক ক্ষতির কারণ হয়। গুগলের নতুন নীতির পাশাপাশি তাদের ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ১০ নিয়ে এসেছে ভিন্ন এক সুবিধা। প্রথমবারের মতো এই ফোনে হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও এবং ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। স্যাটেলাইটের মাধ্যমে কল বা বার্তা আদান প্রদান নতুন নয়, তবে হোয়াটসঅ্যাপের জন্য এই সুবিধা এবারই প্রথম চালু হচ্ছে। গুগল জানিয়েছে, চলতি মাসের শেষ দিকেই ব্যবহারকারীরা নতুন এই সুবিধা পাবেন।

সূত্র: নিউজ১৮ ডটকম

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *