আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ অর্জন করেছে। ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির পশুখাদ্য নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সনদ হস্তান্তর করা হয়।

​সনদ হস্তান্তর ও অতিথিবৃন্দ

​সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

​অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, “আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়, বরং এটি ধারাবাহিক উন্নয়নের যাত্রা। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বাড়াবে, অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করবে এবং দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​পণ্য মান ও টেকসই ব্যবস্থার অঙ্গিকার

​আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, “শুধু বিক্রয় ও মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদন ব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিই শিল্প খাতে নেতৃত্ব অর্জনের মূল ভিত্তি।” তিনি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন জানান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে আকিজ রিসোর্স প্রতিশ্রুতবদ্ধ।

​উৎপাদন ও ব্যবসায়িক প্রভাব

​উল্লেখ্য, আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য ব্রয়লার, লেয়ার, সোনালি মুরগি, দুগ্ধজাত গবাদিপশু এবং তেলাপিয়াসহ বিভিন্ন পশুখাদ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। আন্তর্জাতিক এসব সনদ অর্জন প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল টেকসই ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।