নোয়াখালীতে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে বাস্তবায়নাধীন উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহারের ফলে সরকারি ৫৮৮ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যকারিতা ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

​অনুমতি ছাড়াই বালু উত্তোলন ও ভাঙনের নতুন আশঙ্কা

​গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) অধীনে উড়িরচর-নোয়াখালী অংশে ক্রসড্যাম নির্মাণের কাজ চলছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। কিন্তু কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রকল্পের আশপাশে একাধিক ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

​স্থানীয় অধিবাসীদের আশঙ্কা, পরিকল্পিত পদ্ধতি ও নির্ধারিত স্থান ছাড়া নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের স্থিতিশীলতা নষ্ট হবে। এতে নদীভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া এই মেগা প্রকল্পটি উল্টো নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে।

​প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য

​নাম প্রকাশ না করার শর্তে এক ড্রেজার চালক জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনুমতি নিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের নিয়োজিত করেছে।

​তবে পাউবোর নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল জানান, বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি নৌবাহিনী বাস্তবায়ন করায় এর বেশি তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।

​অন্যদিকে প্রকল্প পরিচালক কমান্ডার রাফি দাবি করেন, একনেকে অনুমোদনের সময় ডিপিপিতে বালু উত্তোলনের বিষয়টি উল্লেখ ছিল। পরবর্তীতে জেলা প্রশাসনকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।

​তবে তাঁদের এই দাবি খণ্ডন করে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্পষ্ট জানান, নদী থেকে এভাবে বালু উত্তোলনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। অনুমোদন ছাড়া বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​তদন্ত ও স্বচ্ছতার দাবি

​নদীভাঙন রোধের মতো স্পর্শকাতর প্রকল্পে অনিয়মের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বালু উত্তোলনের বৈধতা সরেজমিনে যাচাই করে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।