‘নেপাল থেকে শিক্ষা নিন’, বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেতার বিরুদ্ধে ১৪ মামলা

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিং। ফাইল ছবি :
প্রতিনিধি
কলকাতা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৭
পশ্চিমবঙ্গের যুবসমাজকে ‘নেপাল থেকে শিক্ষা নেওয়ার’ আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। উত্তর ২৪ পরগনার বারাকপুরের সাবেক এই বিজেপি সংসদ সদস্য গতকাল বৃহস্পতিবার বলেন, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। বিজেপি নেতার এমন বিতর্কিত মন্তব্যকে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি হিসেবে আখ্যা দিয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
পশ্চিমবঙ্গের বর্তমান ‘কর্তৃত্ববাদী’ সরকারকে উৎখাত করার জন্য বাংলায় ‘গণ–অভ্যুত্থানের’ আহ্বান জানিয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে রাজ্যের বেশ কয়েকটি থানায় কমপক্ষে ১৪টি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এই মন্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে পারে।
অর্জুন সিং বলেন, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তার তুলনায় নেপালের মাত্র ১০ শতাংশ দুর্নীতিতে সেখানের যুবসমাজ সরকারের পতন ঘটিয়েছে। তিনি পশ্চিমবঙ্গের যুবসমাজকেও অনুরূপ আন্দোলনের জন্য আহ্বান জানান।
একাধিক এফআইআর সত্ত্বেও অর্জুন সিং তাঁর বক্তব্যে অটল রয়েছেন। তিনি বলেন, “আমি আবারও বলছি, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য বাংলায় গণ–অভ্যুত্থান প্রয়োজন। আমার বিরুদ্ধে ১৮৪টি এফআইআর আছে, ৪০০টি হোক। আমি এটিকে স্বাগত জানাই।” তার এমন অবস্থানে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে চলেছে। www.bjp.org).
