বাংলাদেশ

কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পরিচিতি সভা অনুষ্ঠিত; ৫১ সদস্যের কমিটি ঘোষণা

f X

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের পেশাগত ঐক্যের পাশাপাশি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ অপু।

​প্রধান অতিথির দিকনির্দেশনা

​প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ অপু বলেন—

​”সংগঠনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীকেন্দ্রিক বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নৈতিক চরিত্র গঠন এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত অপরিসীম।”

​৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা ও আলোচনা

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। পরবর্তীতে তিনি শেখ সাদী বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মিজানুর রহমানকে সদস্য সচিব করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

​সভায় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বেলায়েত হোসেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন ও সংগঠন পরিচালনার তাগিদ দেন।

​ঐক্যবদ্ধ হয়ে কাজের অঙ্গীকার

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজারী হাট বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ সাদী বাবু। তিনি দীর্ঘদিনের শিক্ষক সমাজের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে সংগঠনের সাফল্য কামনায় সবার সহযোগিতা চান।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। তিনি পেশাগত স্বার্থ সুরক্ষায় সকল শিক্ষক-কর্মচারীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

​এছাড়াও বক্তব্য দেন বামনী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম কামাল উদ্দিন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দিন ফারুক, একরামুল হক, শেখ ফরিদ আহমেদ, আবদুর রাজ্জাক বিএসসি, সালেহ আহমেদ বিএসসি, নুরুল আলম সিদ্দিকী বিএসসি, আহছান উল্যাহ, নারায়ণ মজুমদার, আজিজ আজমির ও নুর উদ্দিন নুর্মিন।

​কোম্পানীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান-এর সভাপতিত্বে এবং আছিয়া কারমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খোকন-এর সঞ্চালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।