​খালিয়াজুড়ীতে স্বাস্থ্য কেন্দ্রের চুরির ২ মাস পর উদ্ধার হলো ফ্রিজ; গ্রেপ্তার ২

ময়মনসিংহ

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওড়বেষ্টিত খালিয়াজুড়ী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রায় দুই মাস আগে চুরি হয়ে যাওয়া সরকারি মালামালের মধ্যে ১টি ফ্রিজ উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​গত রোববার (১৩ সেপ্টেম্বর) ও সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া (২২)সুমন মিয়া (২৪)

চুরির ঘটনা ও মামলা দায়ের

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে দুর্বৃত্তরা কৃষ্ণপুর ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১টি ফ্রিজ, পানির মোটর, ১টি আইপিএস, ২টি ব্যাটারিসহ আনুমানিক লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

​এ ঘটনায় কৃষ্ণপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীরণ সরকার বাদী হয়ে গত ২১ জুলাই খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের অভিযান ও মালামাল উদ্ধার

​অভিযোগের প্রেক্ষিতে খালিয়াজুরী থানা পুলিশ খোয়া যাওয়া মালামাল উদ্ধারে জোর তৎপরতা শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান-এর নেতৃত্বে একদল পুলিশ ১৩ সেপ্টেম্বর রাতে ইয়াসিন এবং ১৪ সেপ্টেম্বর রাতে সুমন মিয়াকে নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের মধ্যে একটি ফ্রিজ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

কর্মকর্তা ও পুলিশের বক্তব্য

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির আহমেদ বলেন—

​”গত ১৯ জুলাই পরিবার কল্যাণ কেন্দ্রের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরির পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। পুলিশের সময়োচিত পদক্ষেপে দুই আসামি গ্রেপ্তার ও একটি ফ্রিজ উদ্ধার হয়েছে। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি বাকি খোয়া যাওয়া মালামালও দ্রুত উদ্ধার হবে।”

​খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান—

​”আটককৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের নিকট থেকে চুরি হওয়া ফ্রিজ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে আসামিদের নেত্রকোনা জেলা সেশন কোর্টে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”