মসজিদে তর্কাতর্কির জেরে যুবককে ছুরিকাঘাত; অভিযুক্ত আটক
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে কবিরহাট বাজারে এই ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় মসজিদের ভেতর দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি ও তর্কাতর্কি হয়। এই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে এক যুবক মসজিদের বাইরে এসে অন্য যুবককে লক্ষ্য করে ছুরিকাঘাত করে।
আহত মাহির উদ্দিন (২১) কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের ডাক্তার বাড়ির মাইন উদ্দিনের ছেলে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
ছুরিকাঘাতে মাহির গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গণধোলাইয়ের পর অভিযুক্ত আটক
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মুন্নাকে (২১) স্থানীয় জনতা ধাওয়া করে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দিয়ে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে মুন্না পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কবিরহাট থানার তদন্ত ওসি মঞ্জুর আহমেদ জানান, স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট খবর: টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা; নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে ২ দিনের কারাদণ্ড
পরিবারে বিষাদের ছায়া
সামনে ঈদ, পরিবারের বড় সন্তানের এমন মর্মান্তিক ঘটনায় মাহিরের পরিবারে এখন শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
