আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ তুলেছে এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

প্রকল্পের বিবরণ ও বরাদ্দ

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ী থেকে নেওয়াশী সড়কের নাওডাঙ্গা পুলাপাড় থেকে জেলে পাড়া হয়ে বাদল চেয়ারম্যানের বাড়ি ভায়া আজিজ্জোল ব্রীজ পর্যন্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে এই সড়কটির বরাদ্দ দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ ও ক্ষোভ

কুড়িগ্রামের মেসার্স অর্প ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও পরে তারা রাজীব সর্দার নামের এক ব্যক্তির কাছে সাব-কন্ট্রাক্ট হিসেবে এটি হস্তান্তর করে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের বেডে ভালো মানের খোয়ার পরিবর্তে অত্যন্ত নিম্নমানের ভাঙা ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। হাত দিলেই বা হাঁটলেই অনেক খোয়া গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে কাজ চললে অল্পদিনেই রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা বক্তব্য

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অর্প কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মুঠোফোনে জানান, তিনি কাজ বিক্রি করেননি বরং একজনকে দিয়ে করাচ্ছেন। অভিযোগ থাকলে অফিসে জানাতে বলেন এবং অফিস বললে সামগ্রী পরিবর্তন করে দেবেন বলে জানান।

প্রশাসনের কড়া হুঁশিয়ারি

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান এ বিষয়ে জানান, ঠিকাদারকে অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার প্রমাণ মিললে তা পরিবর্তন করতে হবে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *