কুড়িগ্রামে ১৫ বিজিবির অভিযান; ৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। রবিবার (২৫ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেল্লিরতল সীমান্তে এসব মাদক উদ্ধার করা হয়।
অভিযানের বিবরণ
বিজিবি সূত্রে জানা যায়, রাতে ভেল্লিরতল সীমান্তের অনন্তপুর বিওপির সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছিলেন। এসময় একদল চোরাকারবারীকে সীমান্ত পেরিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪৭ বোতল ‘কিং ফিশার’ মদ এবং ৬ বোতল ‘টুবর্গ’ বিয়ার জব্দ করা হয়। বিজিবির হিসাবমতে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা।
বিজিবির বক্তব্য
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
