নোয়াখালী-২ আসনে জোটের প্রার্থীর পক্ষে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের ঐক্য সুদৃঢ় করতে বড় সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস। জোটের চূড়ান্ত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সুলতান মুহাম্মদ জাকারিয়ার পক্ষে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা।
মনোনয়ন প্রত্যাহার
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন:
- জামায়াতে ইসলামীর প্রার্থী ও প্রবীণ নেতা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
- খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন।
এর ফলে এই আসনে ১০ দলীয় জোটের একমাত্র চূড়ান্ত প্রার্থী হিসেবে রইলেন শাপলাকলি প্রতীকের সুলতান মুহাম্মদ জাকারিয়া।
সুলতান জাকারিয়ার প্রতিক্রিয়া
প্রার্থিতা প্রত্যাহারের পর সুলতান মুহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, “নির্বাচনের জন্য দীর্ঘদিন মাঠে কাজ করেও দল ও জোটের স্বার্থে উনাদের এই সরে দাঁড়ানো একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে প্রবীণ নেতা মাওলানা সাইয়েদ আহমদ সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “উনাদের এই ত্যাগের কারণে ১০ দলীয় জোটের ঐক্য আরও সুদৃঢ় হলো এবং আমাদের বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হলো। জোট ক্ষমতায় আসলে অবশ্যই উনাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে।”
রাজনৈতিক সমীকরণ
সুলতান মুহাম্মদ জাকারিয়া বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবীণ ও প্রভাবশালী দুই প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে সেনবাগ-সোনাইমুড়ী এলাকায় শাপলাকলি প্রতীকের অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
