কোম্পানীগঞ্জে অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাককে ২ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে অবৈধভাবে অতিরিক্ত ওজনের বালু পরিবহন এবং অবৈধ বালু উত্তোলন ও বিপণনের দায়ে ৪টি ড্রাম ট্রাককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিস্তারিত

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রাম ট্রাকগুলোতে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ওজনের বালু বহন করা হচ্ছিল। পাশাপাশি এসব বালু অবৈধভাবে উত্তোলন ও সরবরাহ করার প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ৪টি ট্রাককে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের বক্তব্য

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের ফলে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং তা জননিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্বস্তি প্রকাশ

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাকের কারণে গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে স্থায়ী ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *