ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণভোটে অংশগ্রহণ জরুরি: বাণিজ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বিগত ১৬ বছরে দেশে যে ফ্যাসিবাদী শাসন চলেছে, সেখানে স্খলন ঘটেনি এমন কোনো জায়গা নেই। ব্যবসা-বাণিজ্য, বিচারালয় এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদের সেই ভয়াবহ পুনরাবৃত্তি রোধে আগামী নির্বাচনে সকল নাগরিকের গণভোটে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধান ও জনগণের অধিকার
উপদেষ্টা বলেন, বিগত সময়ে মাত্র ৪ মিনিটে সংবিধান সংশোধন করে জনগণের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করছে। তিনি বলেন, “আমরা এমন এক সমাজ চাই যেখানে সন্তানের পরিচয় হবে তার মেধা ও যোগ্যতায়, বংশপরিচয় বা ক্ষমতার দাপটে নয়।”
অপপ্রচারের জবাব
গণভোট নিয়ে অপপ্রচারের কড়া সমালোচনা করে শেখ বশিরউদ্দীন বলেন, “বলা হচ্ছে—গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বা আল্লাহর ওপর বিশ্বাস থাকবে না; এটি সম্পূর্ণ বোগাস ও ভিত্তিহীন। এমন অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।”
শহীদদের রক্তের ঋণ
শহীদ আবরার ফাহাদ, মুগ্ধ ও আনাসদের কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে মেধাবী ও দেশপ্রেমিক তরুণরা দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। যারা আমাদের নেতৃত্ব দিতে পারত, তাদের বিগত সময়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফপূর্ণ দেশ উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
উপস্থিতিবৃন্দ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আলী রীয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, বাকৃবি উপাচার্য ড. ফজলুল হক ভূঁইয়া এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। সভায় বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
